• ঢাকা
  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম


৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ অক্টোবর ২০২৬ ৮:১৯ পিএম

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষরের পর পৃথক দুটি রায় প্রকাশ করা হয়। রায় দুটির একটি ১৫ পৃষ্ঠার এবং অন্যটি ৩২ পৃষ্ঠার।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দেন হাইকোর্ট। ওই রায়ের মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছ থেকে কর পরিশোধের দাবি বহাল থাকে।

সে সময় গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেছিলেন, এনবিআরের কর দাবির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে যে রিট করা হয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছেন। ফলে এনবিআরের দাবিই বহাল রয়েছে।

তিনি বলেন, ‘এনবিআরের যে দাবিটি আমরা হাইকোর্ট বিভাগে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত আজ সেই রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিটিই বহাল থাকল।’

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া রায়টি স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্ট।

/এসএন