• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ এএম


বেক্সিমকো ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ১০ কর্মকর্তাকে দুদকের জেরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ৯:৩২ এএম

জনতা ব্যাংক থেকে ঋণের নামে বেক্সিমকো গ্রুপের প্রায় ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে ঋণ শাখার ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট কর্মকর্তারা বেক্সিমকো গ্রুপকে ঋণ দেওয়ার সময় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ৪১৬ কোটি টাকার একটি ঋণ জালিয়াতি মামলার তদন্তের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদক জানায়, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগে গঠিত টাস্কফোর্সের অধীনে একাধিক মামলা ও তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের ৪১৬ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলার তদন্তের স্বার্থে জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই দুদকের একটি তদন্ত দল জনতা ব্যাংকের ঋণ-সংশ্লিষ্ট শাখায় কর্মরত ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

দুদকের তথ্যমতে, বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকেই ঋণের নামে প্রায় ৩০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের অনুসন্ধানে বিভিন্ন নথিপত্র সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ছাড়া ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জনতা ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে ইতোমধ্যে ১০টি মামলা দায়ের করেছে দুদক।

/এএসএফ