• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম


বাংলাদেশকে ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ১১:৩১ পিএম

বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলা, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবিকা সুরক্ষায় বাংলাদেশকে প্রায় ১১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

শুক্রবার (২৬ জুন) বিশ্বব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের জন্য এই ঋণ অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় ৩০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে ব্যয় করা হবে, যা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।

এ ছাড়া জরুরি সাড়াদান প্রকল্পের আওতায় বাংলাদেশকে ৭১ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের ঋণ দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটি জানিয়েছে, এই অর্থ ঝুঁকিতে থাকা পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে নগদ সহায়তা প্রদানে ব্যবহার করা হবে। এর ফলে সংকটকালেও কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং মানুষের আয়-রোজগার সচল রাখতে সহায়তা মিলবে।

এছাড়া খাদ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রী, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো অব্যাহত রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্পের অর্থ থেকে মেটানো হবে।

বিশ্বব্যাংক জানিয়েছে, অনুমোদিত এই প্রকল্পের সম্পূর্ণ অর্থ আগামী বুধবারের মধ্যেই বাংলাদেশকে ছাড় করা হবে।

/এসএন