• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম


পদ্মায় নিখোঁজ নারী ১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার, মিললেন চাঁদপুরে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ জুন ২০২৬ ১০:০৬ পিএম

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ১৬ ঘণ্টা পর চাঁদপুর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিখোঁজ ওই নারীর নাম জাহানারা বেগম (৪৮)। তিনি টংগীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামের বাসিন্দা এবং মরহুম সেন্টু শেখের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় যে, মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলও ঘটনাস্থলে গিয়ে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিস।

তবে মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করার প্রস্তুতি নেওয়ার সময় নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে জানায়, তার মা জাহানারা বেগমকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে।

পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর থেকে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

তবে কীভাবে তিনি চাঁদপুরে পৌঁছেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পরিবার। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

এদিকে জাহানারা বেগম জীবিত অবস্থায় উদ্ধার হওয়ায় ফায়ার সার্ভিসের চলমান উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

/এএসএফ