• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম


ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন সাগরে আটকা, জীবিত উদ্ধার ১৪ জেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ মে ২০২৬ ১২:৪৬ এএম

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড নিয়মিতভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছে।

এর ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডার কন্টাক্টের মাধ্যমে একটি ট্রলারকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করে।

পরে ট্রলারটির কাছে গিয়ে কোস্ট গার্ড জানতে পারে, ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিলেন জেলেরা।

কোস্ট গার্ড জানায়, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি গত তিন দিন ধরে কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসছিল। পরে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ট্রলার ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।