• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম


আগ্রাবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে যুবলীগের ঝটিকা মিছিল, তদন্তে পুলিশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুন ২০২৬ ৭:০২ পিএম

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মাথায় সাদা কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সকালে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর’ ব্যানারে এই ঝটিকা কর্মসূচি পালন করা হয়।

মিছিল ও বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর প্রশাসনও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, যুবলীগের নেতাকর্মীরা বন্দর এলাকা থেকে মিছিল শুরু করেন। পরে শেখ মুজিব সড়ক হয়ে তারা আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।

ভিডিওতে আরও দেখা যায়, অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদসংবলিত বিভিন্ন স্লোগান লেখা ছিল।

একপর্যায়ে মিছিলটি আগ্রাবাদের বিদ্যুৎ ভবনের সামনে এসে পৌঁছায়। সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা কিছু সময় ধরে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ সমাবেশ করেন।

নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক কর্মসূচির পর প্রশাসন বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। আগ্রাবাদে অনুষ্ঠিত মিছিলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমীনুর রশিদ গণমাধ্যমকে বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও ফুটেজটি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে। ইতোমধ্যে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে গ্রেপ্তারের প্রক্রিয়াও চলমান রয়েছে।

/এসএন