মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের খালি বগি হঠাৎ লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
লাইনচ্যুত বগিটি উদ্ধারে হাইড্রোলিক টুলব্যান আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।তবে তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
/বিএসএস