ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের সঙ্গে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পায়ের কাছেই পড়ে ছিল তাঁর বিচ্ছিন্ন মাথা। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় স্থানীয় লোকজন প্রথম মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে প্যান্ট ছিল, তবে শরীরে কোনো জামা ছিল না। তাঁর বুকে কোপের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি একটি গাছের সঙ্গে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় ছিল এবং পায়ের কাছেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, অন্য কোথাও থেকে ওই ব্যক্তিকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে হত্যা করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলটি খুবই প্রত্যন্ত এলাকায় অবস্থিত। তাঁর ভাষ্য, লোকটিকে বাইরে থেকে ধরে এনে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরিচয় শনাক্ত হওয়ার পর কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।