• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম


রাজবাড়ীতে বজ্রপাতে মা ও অনাগত সন্তানের মৃত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ মে ২০২৬ ৯:৩৬ এএম

রাজবাড়ী সদর উপজেলার শেখপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ের মধ্যে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে তিনটার দিকে খানখানাপুর ইউনিয়নে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত বন্যা বেগম (৩০) ওই গ্রামের নুরুল হকের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বজ্রসহ বৃষ্টি শুরু হয়। উঠানে শুকাতে দেওয়া লাকড়ি ভিজে যাওয়ার আশঙ্কায় সেগুলো সরিয়ে নিতে ঘরের বাইরে বের হন বন্যা বেগম।লাকড়ি গোছানোর সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি উঠানেই লুটিয়ে পড়েন।

বজ্রপাতের শব্দ শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এলেও ততক্ষণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।স্থানীয়রা জানান, বন্যা বেগম অত্যন্ত শান্ত ও নম্র স্বভাবের মানুষ ছিলেন। নতুন অতিথির অপেক্ষায় থাকা পরিবারটি এভাবে মুহূর্তেই শোকে ভেঙে পড়বে, তা কেউ কল্পনাও করতে পারেননি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো শেখপাড়া গ্রামের পরিবেশ।

খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন,“এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।”এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

/বিএসএস