চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণামূলকভাবে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটজনের একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে মাদ্রাসার নাম ব্যবহার করে অভিনব কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। রোববার মালিক সুপার মার্কেট এলাকায় চক্রটির সদস্যদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে এবং মানুষের কাছ থেকে টাকা তুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
একপর্যায়ে তাদের প্রতারণার বিষয়টি স্থানীয়দের কাছে প্রকাশ পেলে জনতা চক্রটির সদস্যদের ধাওয়া করে। এ সময় পাঁচজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি তিনজনকে আটক করে রাখা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা ভুয়া রশিদ বইয়ে ‘নাজমুল হোসাইন বিপ্লবী’ নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদ্রাসার নাম ব্যবহার করে একই ধরনের অভিনব প্রতারণা চালিয়ে আসছিল।
দামুড়হুদা থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভুয়া রশিদ ব্যবহারকারী প্রতারক চক্রের পলাতক পাঁচ সদস্যকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/এএসএফ