• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১১ এএম


টানা ৯০ দিন জামাতে নামাজ, ফেনীতে ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ অক্টোবর ২০২৬ ১০:১৫ পিএম

ফেনীতে টানা ৯০ দিন জামাতে নামাজ আদায় করায় ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের উত্তর হরিপুর কুতুব উল্লাহ ভূঁইয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ও গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে এবং সহসভাপতি ছালেহ আহাম্মদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনীর ডুমুরিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি সামছুদ্দোহা নূরী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা কাজী শহীদ উল্লাহ, মাওলানা নুরুল করিম, মাওলানা আবদুল মতিন মজুমদার এবং হাফেজ মাওলানা মো. আরমান।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব হাজারী সবুজ, মো. সিরাজ উল্লাহ পারভেজ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদারসহ অন্যরা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি উৎসাহিত করা এবং তাদের মসজিদমুখী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৯০ দিন জামাতে নামাজ আদায়ের শর্ত পূরণকারী ৩২ শিশু-কিশোরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বাইসাইকেল উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাদের অনেকেই ভবিষ্যতেও নিয়মিত জামাতে নামাজ আদায় করার পাশাপাশি অন্যদেরও নামাজের প্রতি উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করে।

স্থানীয়রা মসজিদ পরিচালনা কমিটির এ উদ্যোগকে শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক মূল্যবোধ গঠনে উৎসাহব্যঞ্জক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তাদের মতে, পুরস্কারের মাধ্যমে শিশুদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে মসজিদকেন্দ্রিক সামাজিক পরিবেশও আরও শক্তিশালী হবে।

মসজিদ পরিচালনা কমিটির এ উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

/এএসএফ