• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ এএম


চাকরির ভেরিফিকেশনে বাধা, মুসলিম তরুণকে এক শতক জমি দিলেন হিন্দু প্রতিবেশী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ অক্টোবর ২০২৬ ৮:৫০ পিএম

চাকরি পাওয়ার পর পুলিশ ভেরিফিকেশনে বাবার নামে স্থাবর সম্পত্তি না থাকায় চাকরি থেকে বাদ পড়ার আশঙ্কায় ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক মুসলিম তরুণ। বিষয়টি জানতে পেরে তাঁর এক হিন্দু ধর্মাবলম্বী প্রতিবেশী স্বপ্রণোদিত হয়ে বিনা মূল্যে এক শতক জমি দান করেছেন। মানবিক এই উদ্যোগে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন ওই প্রতিবেশী।রোববার (৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন জুড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন। তবে সরকারি বিধি অনুযায়ী জমি হস্তান্তরের প্রক্রিয়া এখনো সম্পন্ন না হওয়ায় আপাতত দাতা ও গ্রহীতার পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।জানা গেছে, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের সময় ওই তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকার বিষয়টি সামনে আসে। এতে তাঁর চাকরি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং পরিবারটি দুশ্চিন্তায় পড়ে।সাব-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন বলেন, চাকরি পাওয়া ওই তরুণের বাবার নামে কোনো স্থাবর সম্পত্তি না থাকায় পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিষয়টি জানতে পেরে তাঁদের এক প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি কোনো ধরনের বিনিময় ছাড়াই এক শতক জমি দান করেছেন।তিনি বলেন, শুধু জমি দান করেই ওই ব্যক্তি দায়িত্ব শেষ করেননি। জমি রেজিস্ট্রেশনের খরচও তিনি নিজেই বহন করেছেন।সাব-রেজিস্ট্রার আরও জানান, তরুণটির পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছে। পরিবারের সমস্যার কথা জানতে পেরে ওই প্রতিবেশী স্বপ্রণোদিত হয়ে জমিটি দানের উদ্যোগ নেন।ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ওই প্রতিবেশীর মানবিক উদ্যোগের প্রশংসা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, একজন তরুণের চাকরির পথে তৈরি হওয়া জটিলতা দূর করতে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর এই ঘটনা সামাজিক সম্প্রীতি ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

/বিএসএস