• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সন্দেহে আসল ভ্যাট পরিদর্শককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ৭:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া কর্মকর্তা সন্দেহে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম উপজেলার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে যান। সেখানে তিনি নিজের পরিচয় নিশ্চিত করতে ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাটসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

তবে ভিজিটিং কার্ড দেখানোর পরও ব্যবসায়ী হাবিবুর রহমানের সন্দেহ দূর হয়নি। একপর্যায়ে তিনি আশপাশের লোকজনকে জড়ো করেন। পরে সাইফুল ইসলামের মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া ভ্যাট পরিদর্শককে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও হামলার শিকার হতে হয়। অভিযোগ অনুযায়ী, হাবিবুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন লাঠি দিয়ে সবুজ মিয়ার মাথায় আঘাত করেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মারধরে ভ্যাট পরিদর্শক গুরুতর আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সবুজ মিয়াকেও মারধর করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাইফুল ইসলামকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/এসএন