• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ এএম


ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ মে ২০২৬ ১২:৪৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার গিরিধারায় একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

রোববার (১০ মে) ভোরে গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন— সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘরের ভেতর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন।দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন।

ভোরে কালাম রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে কোনোরকমে তারা ঘর থেকে বের হয়ে আসেন।স্থানীয়দের ধারণা, বাসার গ্যাস লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।তিনি জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, ছেলে মুন্নার ৩০ শতাংশ, মেয়ে কথার ৫২ শতাংশ এবং মুন্নির শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই সংকটাপন্ন।

/বিএসএস