• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম


বাউফলে ‘২ কোটি টাকার টয়লেট’ নিয়ে ভাইরাল, সামাজিক মাধ্যমে তোলপাড়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ মে ২০২৬ ১২:০৫ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি নবনির্মিত টয়লেটকে ঘিরে ব্যয়সংক্রান্ত নামফলকের কারণে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। টয়লেটটির দেয়ালে স্থাপিত নামফলকে নির্মাণ ব্যয় প্রায় দুই কোটি টাকা উল্লেখ থাকায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করে।

নির্মাণকাজ শেষ হওয়ার পর টয়লেটের দেয়ালে একটি নামফলক স্থাপন করা হয়। সেখানে প্রিন্টিংয়ের সময় ভুলবশত নির্মাণ ব্যয় হিসেবে এক কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা উল্লেখ করা হয়। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবক ভিডিও ও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এরপর ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেকে নেতিবাচক মন্তব্যও করেন। আরিফুল নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, সরকারি টাকা এভাবেই লুটপাট হচ্ছে। আর ইউনুস আলী নামে আরেকজন লেখেন, এত দামি টয়লেট ব্যবহার করতে তারা আগ্রহী নন।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, টয়লেট নির্মাণে প্রকৃত ব্যয় কত হয়েছে তা তারা জানেন না। তবে নামফলকে দুই কোটি টাকা লেখা দেখে তারা বিস্মিত হয়েছেন।

বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ জানান, একটি সাধারণ ভুলের কারণে বিষয়টি বড় আকার ধারণ করেছে। তিনি মনে করেন, সরকারকে বিব্রত করতে একটি মহল বিষয়টি ছড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, প্রকৃত নির্মাণ ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। নামফলক প্রিন্ট করার সময় ভুলবশত অতিরিক্ত শূন্য যুক্ত হয়ে যায়। বিষয়টি নজরে আসার পর সংশোধন করে নামফলকটি ঠিক করা হয়েছে।

/এসএন