হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া আবেদনে এ তথ্য জানিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে মামলাটির উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক।
এর আগে এক দিনের রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।
পুলিশের করা আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেন, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার তদন্ত ও তথ্য যাচাই-বাছাই এখনো চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এরপর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (৩ অক্টোবর) ঢাকার একটি আদালত বিমানবন্দর থানায় করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। মামলায় দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। মামলাটি আদালতে উপস্থাপনের পর বিচারক আগামী ১০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টসংলগ্ন ধামালকোট এলাকার নিজ বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
/এসএন