কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির কামড়ে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকালে উপজেলার বজরা ইউনিয়নের বীররহিম গ্রামের রব্বানি মিয়ার বাড়ির সামনে সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং জামায়াত কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছামাত্র তারা হঠাৎ মৌমাছির আক্রমণের শিকার হন। পরিস্থিতি বেগতিক দেখে তারা মোটরসাইকেল থেকে নেমে দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে আগুন জ্বালিয়ে মৌমাছির আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করেন। তবুও তিনজনই গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। তাদের মধ্যে দুজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মৌমাছির কামড়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসা চলমান রয়েছে।
/এসএন