রাজধানীর ডেমরায় একটি চিপস ও চানাচুর প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আমুলিয়া মডেল টাউন এলাকায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পরপরই কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত শ্রমিক সুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডেমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করা হচ্ছে।