রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানা এলাকার ফার্মগেটের আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের একটি প্রাইভেটকারের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গাড়িটির প্রায় এক-তৃতীয়াংশ অংশ পুড়ে যায়।
যদিও আগুন লাগার ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফার্মগেট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) জয়নাল আবেদীন জানান, সোনারগাঁও ক্রসিং থেকে আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় চালক, যাত্রী বা সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
/এসএন