ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় বিভিন্ন কারখানা থেকে বের হয়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।
জানা গেছে, শ্রমিকেরা লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ শুরু করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকেরা।
এর আগের দিন সোমবারও একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। ওই দিন দুপুর থেকে প্রায় চার ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, আগের দিনের আন্দোলন থেকে শ্রমিকেরা পাঁচ দফা দাবি জানিয়েছিলেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন, শ্রমিক আমজাদ হোসেন কামালসহ নিহত শ্রমিকদের হত্যার বিচার এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন।
এদিকে আন্দোলন ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
/এসএন