গাইবান্ধার গোবিন্দগঞ্জে একই দিনে জন্ম নেওয়া দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে একই দিনে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে এক বছর ১০ মাস বয়সী মিফতাহুল জান্নাত ও আব্দুল্লাহ আরাফ। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরীপাড়ায় বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। ওই দিন দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল।
নিহত দুই শিশুর মধ্যে মিফতাহুল জান্নাত ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং আব্দুল্লাহ আরাফ জিল্লুর রহমানের ছেলে। দুজনেরই বয়স এক বছর ১০ মাস। পারিবারিক সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে শিশু দুটি একসঙ্গে খেলছিল। এ সময় তাদের মায়েরা সকালের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে শিশু দুটিকে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত তালুককানুপুর ইউনিয়ন পরিষদের দফাদার শ্রী বাবু লাল গণমাধ্যমকে বলেন, দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারে আহাজারি চলছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
তিনি আরও জানান, শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, তাদের জন্ম হয়েছিল একই দিনে। আর সেই একই দিনেই পুকুরে ডুবে তাদের মৃত্যু হলো।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডল ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে সাঁতার না জানা শিশুদের, বিশেষ করে ছোট শিশুদের, সব সময় সতর্কতার সঙ্গে নজরে রাখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
/এসএন