• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম


চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে হঠাৎ আগু’ন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ আগস্ট ২০২৬ ১০:০৬ পিএম

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচের একটি পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে হোটেল জামানের পাশে ফ্লাইওভারের একটি পিলারে এ আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে পিলারে লাগানো ডেকোরেশন কার্পেটিংয়ের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফ্লাইওভারের মূল কাঠামোরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেল ৪টার দিকে পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকায় হঠাৎ ফ্লাইওভারের একটি পিলারে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকে পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তের পর আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে ফ্লাইওভারের পিলারে থাকা ডেকোরেশন কার্পেটিংয়ের আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফ্লাইওভারের মূল কাঠামোর কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জিইসি মোড় এলাকার ব্যবসায়ী খোরশেদ আলমদার বলেন, হঠাৎ করেই ফ্লাইওভারের পিলারে আগুন জ্বলতে দেখা যায়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের পর ওই এলাকায় সাময়িকভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করতে ঘটনাটি তদন্ত করা হবে।

/এসএন