• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম


হাত ছে’ড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও বানাতে গিয়ে প্রা’ণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ আগস্ট ২০২৬ ১০:৫৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। ফেসবুকের জন্য মোটরসাইকেল চালানোর ভিডিও তৈরির সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের পিয়ারাপু এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাওন মিয়া পার্শ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাড়িদহ সরদারপাড়া গ্রামের শিবলু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাওন দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন। দেশে ফিরে তিনি ফেসবুকে কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। মোটরসাইকেল চালানোর বিভিন্ন কৌশল দেখিয়ে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেন তিনি। বিশেষ করে চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে চালানোর দৃশ্যের ভিডিও ফেসবুকে প্রকাশ করতেন শাওন।

সোমবারও একই ধরনের ভিডিও তৈরির উদ্দেশ্যে রাজাবিরাট থেকে একটি মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন তিনি। পথে রাস্তা ফাঁকা পেয়ে মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে চালাতে শুরু করেন এবং একই সময়ে সেটি ভিডিও করার চেষ্টা করেন।

একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে শাওন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত গোবিন্দগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওনের মৃত্যু হয়েছে। এ সময় তিনি ভিডিও করার চেষ্টা করছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে শাওনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।

/এসএন