রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়কের জায়গা দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশের তথ্য অনুযায়ী, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যানজটও তৈরি হচ্ছিল।
এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানের খাবার পরিবেশন এবং স্বল্পমূল্যে ভাত বিক্রির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই ‘মিজানের ভাতের হোটেল’ পরিচিতি লাভ করে। ১০০ টাকায় ভাত-মাংসসহ খাবার বিক্রির কারণে অনেকের কাছে হোটেলটি জনপ্রিয় হয়ে উঠেছিল।
তবে স্বল্পমূল্যে খাবার বিক্রির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এলেও ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ থেকে রেহাই পায়নি প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত ডিএনসিসির অভিযানে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
/এসএন