নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীর ধারে পড়ে যান জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় কয়েকজন আহত হলেও অল্পের জন্য অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়নের সঙ্গে সংযোগকারী একটি কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনের জন্য সেখানে যান সংসদ সদস্য আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকোটিতে ওঠেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁকোটির ওপর একসঙ্গে অনেক মানুষ উঠে পড়ায় কাঠের একটি অংশ হঠাৎ ভেঙে যায়। এতে কয়েকজন জামায়াত নেতা-কর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দা ও এমপির সফরসঙ্গীরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন।
তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার কোনো ধরনের আঘাত ছাড়াই নিরাপদে সরে আসতে সক্ষম হন। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, ‘সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।’
দুর্ঘটনার পর স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। সেখানে তিনি বলেন, ‘আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’
/এসএন