নাটোরের বাগাতিপাড়ায় হৃদয়বিদারক এক ঘটনায় আধঘণ্টার ব্যবধানে মারা গেছেন এক বৃদ্ধ দম্পতি। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে কিছুক্ষণ পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ত্রী। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন হায়দার আলী (৭০) ও তার স্ত্রী রহিমা বেগম (৬৫)। রাত সাড়ে ৯টার দিকে বাটিকামারী সামাজিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজের মুদিদোকানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হায়দার আলী। স্থানীয়দের সহায়তায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দিলেও পথেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছুক্ষণ পর তিনি মারা যান।স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে এলে স্ত্রী রহিমা বেগম স্বামীর লাশ দেখে ভেঙে পড়েন। গভীর শোকে তিনি মূর্ছা যান এবং প্রায় আধঘণ্টা পর তিনিও মৃত্যুবরণ করেন।হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে স্ট্রোকে তাদের একমাত্র ছেলে জুয়েল মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলের মৃত্যুর পর থেকেই বৃদ্ধ দম্পতি গভীর মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন।তিনি আরও জানান, সংসারের একমাত্র উপার্জনের উৎস ছিল হায়দার আলীর মুদিদোকান, যেখানে তার পুত্রবধূ সহযোগিতা করতেন। ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে ভুগছিলেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার তার মৃত্যুর পর শোক সইতে না পেরে স্ত্রী রহিমা বেগমও আধঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন।পরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাটিকামারী সামাজিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন করা হয়।
/বিএসএস