• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম


খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাসও খাদে!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ আগস্ট ২০২৬ ৭:২৮ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে খাদে পড়ে যাওয়া একটি মাইক্রোবাসের ভিডিও ধারণ করতে গিয়ে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। যাত্রীবাহী একটি বাসের চাপে সেটিও মহাসড়কের পাশের খাদে নেমে যায়। তবে দুই ঘটনাতেই কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক দুর্ঘটনাকবলিত গাড়িটির ভিডিও ধারণের চেষ্টা করেন।

একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে চাপ দিলে সেটিও রাস্তার নিয়ন্ত্রণ হারিয়ে খাদের কিনারে নেমে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রিফাত আহাম্মেদ বলেন, “গাড়িটি খাদে পড়ে যেতে দেখে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করি। এতে কেউ গুরুতর আহত হননি।”

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম বলেন, চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। পরে দুটি মাইক্রোবাস উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

/এএসএফ