ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের প্রতারণা বা চক্রান্তের চেষ্টা করা হলে তার পরিণতি কখনোই ভালো হবে না। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই রক্তস্নাত ঐতিহাসিক অর্জন নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে ফয়জুল করীম আরও বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের সার্বিক পুনর্গঠন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে একটি বিশাল গণমিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সমাবেশস্থলে এসে শেষ হয়।বরিশাল মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইসসহ অন্যান্য নেতারা।
/বিএসএস