• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম


সিলেটে অবৈধ বালু-পাথর উত্তোলনে অভিযান, তিন নৌকা ডুবিয়ে দিল প্রশাসন!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ আগস্ট ২০২৬ ১০:৩০ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আট শ্রমিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত টাস্কফোর্সের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয়দের অভিযোগ, ইজারার শর্ত অমান্য করে দীর্ঘদিন ধরে দিন-রাত ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন চলছিল। এর ফলে পর্যটন এলাকা, বসতবাড়ি, ফসলি জমি, স্কুলের মাঠসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে উত্তোলন করা পাথর ও নুড়ি-পাথর মিশ্রিত বালুবাহী তিনটি নৌকা জব্দ করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, বালু মহাল ইজারা দেওয়া হলেও শর্ত ভঙ্গ করে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে বালুর পরিবর্তে পাথর উত্তোলন করা হচ্ছিল। ইজারাদারদের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং ইজারার শর্ত লঙ্ঘনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এএসএফ