ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় পাট জাগ দেওয়ার সময় সাপের কামড়ে আহত হওয়ার পর সেই সাপটিকেই কৌটায় বন্দি করে চিকিৎসা নিতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে হাজির হয়েছেন সাধন চন্দ্র মন্ডল (৪৮) নামে এক স্কুলশিক্ষক।
বুধবার (২৯ জুলাই) দুপুরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হয়।
আহত সাধন চন্দ্র মন্ডল শৈলকূপা উপজেলার স্বরূপনগর গ্রামের জীতেন্দ্রনাথ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের নদীতে পাট জাগ দেওয়ার কাজ করছিলেন সাধন চন্দ্র মন্ডল। এ সময় হঠাৎ ছোট আকারের একটি সাপ তার ডান হাতের কনুইয়ে কামড় দেয়।
কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাত ঝাড়া দিলে ক্ষতস্থান থেকে রক্ত বের হতে থাকে এবং সাপটি নিচে পড়ে যায়। এ সময় পাশে থাকা এক গ্রামবাসী দ্রুত সাপটিকে ধরে একটি কৌটার মধ্যে বন্দি করে ফেলেন।
ঘটনার পরপরই স্বজনরা কৌটাবন্দি সাপটিসহ সাধন চন্দ্র মন্ডলকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
/এসএন