• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম


চাঁদাবাজি মামলায় কারাগারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৯ জুলাই ২০২৬ ৮:২১ পিএম

ভোলার চরফ্যাশন উপজেলায় এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি, বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়া এবং মারধরের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তবে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও থাই গ্লাস ব্যবসায়ী মো. ছালাম দীর্ঘদিন ধরে তার পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন।

অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ব্যবসায়ীর বসতঘরে তালা ঝুলিয়ে দেন এবং তাকে মারধর করেন।এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। পরে মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/বিএসএস