ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির ধাক্কায় একটি অটোরিকশা উল্টে আরিশা জান্নাত (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ আরিশাকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি হাতি নিয়ে আসছিলেন মাহুত। অভিযোগ রয়েছে, হাতিটি শুঁড় উঁচিয়ে চলাচলকারী যানবাহনের কাছ থেকে টাকা সংগ্রহ করছিল। একপর্যায়ে হাতিটি অটোরিকশার দিকে এগিয়ে এসে ধাক্কা দিলে সেটি সড়কে উল্টে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আরিশা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দিয়ে আটক করে এবং হাতিটিকেও আটকে রাখে। পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, মাহুতকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এছাড়া হাতিটিকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
/এএসএফ