কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মো. হাফেজ উল্লাহ (৬৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান। এর আগে শুক্রবার সকালে কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের মৃত তমিম গোলালের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি ৫ থেকে ৬ বছর আগেও ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির আত্মীয়।
কোস্টগার্ড সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ইনানী মেরিন ড্রাইভে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক বৃদ্ধের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
আটক হাফেজ উল্লাহর পরিচয় নিশ্চিত করে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর বলেন, মাদকসহ আটক ব্যক্তি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফা। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২৩ সালে চট্টগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে গঠিত কমিটিতেও তিনি আর স্থান পাননি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, বর্তমানে হাফেজ উল্লাহ বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতেন। তবে তিনি কোনো পদে দায়িত্বে ছিলেন না।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
/এসএন