• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৯ এএম


রাজহাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ৫:৫৯ পিএম

ভোলার লালমোহন উপজেলায় রাজহাঁস চুরির অভিযোগে মো. নাজিম (২৫) নামে এক যুবককে আটক করে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানোর পর তওবা করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ গ্রামের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।জানা গেছে, মো. নাজিম লালমোহন পৌরসভার নয়ানী গ্রামের পাকার মাথা এলাকার বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় চোরের উপদ্রব বেড়েছে।

রাত হলেই হাঁস-মুরগিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটছে। বৃহস্পতিবার রাতে জয়নাল আরিন্দা বাড়ির বাসিন্দা মো. এমরান হোসেন রাকিবের বাইরের ঘরে থাকা দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে দেখে ধাওয়া করেন। পরে হাঁসসহ তাকে আটক করা হয়।আটকের পর জনসম্মুখে নাজিম আর কখনো চুরি করবেন না বলে অঙ্গীকার করেন। এরপর স্থানীয়রা তাকে শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ পড়ান।

পাশাপাশি তওবা করিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।রাজহাঁসের মালিক এমরান হোসেন রাকিব বলেন, “রাজহাঁস দুটি আমার ও পরিবারের খুবই শখের ছিল। হাঁসের ঘর থেকে কৌশলে সেগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে ডাকচিৎকার শুনে গিয়ে দেখি হাঁস দুটি আমার। তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”ফরাজগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) আবু তাহের বলেন, “হাঁস চুরির অভিযোগে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়ানো হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে শুনেছি, এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল।”এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। রাতে অপরাধ দমনে আমাদের চারটি টহল টিম কাজ করছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

/বিএসএস