• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম


নোয়াখালীতে বিশ্বকাপ ম্যাচকে কেন্দ্র করে দাম্পত্য কলহ, প্রাণ গেল এক যুবকের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৮:৪৪ পিএম

বিশ্বকাপ ম্যাচ দেখা নিয়ে দাম্পত্য কলহ, নোয়াখালীতে যুবকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর মো. আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রায়হান আগে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন এবং পাঁচ থেকে ছয় মাস আগে বিয়ে করেন।

রোববার দিবাগত রাতে তিনি স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেন। খেলা শেষে ভোররাতে বাড়ি ফেরার পর স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। পরে কিছু দূর গিয়ে আবার ফিরে এসে স্বামীকে ঘরের ভেতর অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরিবার জানিয়েছে, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা আসার কথা ছিল।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএসএফ