• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম


বিকালে চুরির পর ১০০ রাকাত নফল নামাজ, রাতেই ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুলাই ২০২৬ ১০:০৮ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে চুরির অভিযোগে আটক হওয়া এক ব্যক্তিকে অনুতপ্ত হওয়ায় ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তওবা করিয়ে ছেড়ে দেন স্থানীয় বাসিন্দারা। তবে কয়েক ঘণ্টা পরই ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মামা ফকির আস্তানা এলাকায়। গ্রেফতার ব্যক্তি মো. ফজলুল করিম (৪২)।

তিনি জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মোবাইল ফোন ও একটি লেডিস ব্যাগ চুরির অভিযোগে বিকেলে ফজলুল করিমকে আটক করেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদের সময় তিনি ভবিষ্যতে আর কখনও চুরি বা কোনো অসৎকাজে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। তার অনুতাপ ও অসহায়ত্ব বিবেচনায় নিয়ে স্থানীয়রা তাকে শাস্তিস্বরূপ ১০০ রাকাত নফল নামাজ আদায় করে তওবা করতে বলেন।

পরে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।কিন্তু একই দিন রাতেই জোরারগঞ্জ থানা পুলিশ মাদক সেবন ও বিক্রির অভিযোগে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।স্থানীয় বাসিন্দা মো. জহির বলেন, “ভালো হওয়ার অঙ্গীকার করায় তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। কিন্তু রাতেই ইয়াবাসহ গ্রেফতারের খবর শুনে আমরা হতাশ হয়েছি।

মানুষ নিজে থেকে পরিবর্তন না হলে তাকে বদলানো কঠিন।”জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, “শুক্রবার বিকেলে চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে ছেড়ে দিয়েছিলেন। পরে রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চুরির পাশাপাশি তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। শনিবার দুপুরে মাদকের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

/বিএসএস