খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাতের আঁধারে প্রায় ১০ একর জমিতে গড়ে তোলা একটি ফলজ বাগানের ৪০০টি চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিকরা।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের হরিধন মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, হরিধন মগপাড়া এলাকাটি খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) জোন সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ফলজ চারা কেটে ফেলে। বাগানটিতে আম, পেয়ারা, লেবু ও সজিনাসহ বিভিন্ন ধরনের ফলজ গাছ ছিল।বাগান মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে শ্রম, সময় ও অর্থ বিনিয়োগ করে প্রায় ১০ একর জমিতে বাগানটি গড়ে তোলা হয়েছিল। কিন্তু এক রাতেই বিপুলসংখ্যক চারা কেটে ফেলায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের ফলন ও আয়-রোজগারের সম্ভাবনাও নষ্ট হয়েছে বলে জানান তারা।ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা হলেন—মাটিরাঙ্গা উপজেলার বটতলি গ্রামের মোজাম্মেল হকের ছেলে আরিফুল ইসলাম (৩৪), আব্দুল আওয়ালের ছেলে সুলতান আহমেদ (৪৫), রবিউল ইসলামের ছেলে আলমগীর (৩৬) এবং মৃত শামছুল হকের ছেলে শাহআলম (৪৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।বাগান মালিকরা জানান, গাছগুলো বড় হয়ে ফলন দেওয়ার আগেই কেটে ফেলা হয়েছে। এতে তাদের দীর্ঘদিনের শ্রম, সময় ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে বাগান মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
/বিএসএস