• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম


কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত, ভাটির মানুষকে সতর্ক থাকার আহ্বান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ১২:৫৬ পিএম

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৩ দশমিক ৯১ ফুট (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট (মিন সি লেভেল)। হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে স্পিলওয়ের গেট খোলার সময় এবং পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন করা হতে পারে। যদি উজান থেকে পানির প্রবাহ আরও বৃদ্ধি পায়, তাহলে পর্যায়ক্রমে অতিরিক্ত জলকপাট খুলে আরও বেশি পানি ছাড়া হবে।

এদিকে, বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমানে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রটি থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ পানি ছাড়ার সময় কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা, নৌযান চালক, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

/এসএন