রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী রাফা মনি নামে এক শিশুকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা কবির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামারপাড়া সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ২টার দিকে তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ফয়সাল জানান, এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, পারিবারিক কলহের জেরে কবির হোসেন তার একমাত্র সন্তান রাফা মনিকে আছড়ে ফেলে হত্যা করেন।
নিহত শিশুর মা লিমা বেগম অভিযোগ করেন, বুধবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাকে মারধর করেন তার স্বামী। পরে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। সন্ধ্যায় কবির হোসেন সেখানে গিয়ে তাদের বাসায় ফিরিয়ে আনার পথে রাস্তায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে আছড়ে ফেলেন।
শিশুটির নানি জানান, কবির হোসেন পেশায় রিকশাচালক। তিনি নেশায় আসক্ত ছিলেন এবং নিয়মিত কাজ করতেন না। বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রায়ই মেয়েকে মারধর করতেন বলেও অভিযোগ করেন।
নিহত রাফা মনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুচ্ছ গ্রামের বাসিন্দা কবির হোসেনের মেয়ে। পরিবারটি বর্তমানে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় বসবাস করছিল।
/এএসএফ