• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম


নরসিংদীতে খালে গোসল করতে নেমে প্রাণ গেল ৪ মাদরাসাছাত্রীর!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ জুলাই ২০২৬ ৩:৩৩ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের জানান, মাদরাসার বিরতির সময় ছয়জন শিক্ষার্থী বাড়িতে যায়। পরে তারা পাশের একটি খালে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় চার শিক্ষার্থী পানির গভীরে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে খাল থেকে তুলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জানান, খালে গোসল করতে নামা ছয় শিক্ষার্থীর মধ্যে চারজন পানিতে ডুবে মারা যায়। অপর দুইজন কোনোভাবে খালের পাড়ে উঠে প্রাণে রক্ষা পায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএসএফ