• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পিএম


বরিশালে পাগলা কুকুরের তা’ণ্ডব, কয়েক ঘণ্টায় নারী-শিশুসহ আহ’ত ২৭

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ১:২৩ পিএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকা পর্যন্ত এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক আচরণ শুরু করে। এরপর সামনে যাকেই পেয়েছে, তাকে কামড়ে আহত করেছে। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে ধাওয়া করে হত্যা করেন।

আহতদের মধ্যে রয়েছেন রাবেয়া আক্তার (১০), মনিরা বেগম (৪৫), বেল্লাল (১০), সাহেব আলী (৬৫), আতাই (২), আরাফাত (৬), আয়ান (৫), আল আমিন (৪৩), মিনারা বেগম (৬০), জিদনী (২৫), তাওহীদ (২৪)সহ আরও অনেকে।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান জানান, কুকুরের কামড়ে আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহত আরও দুইজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডা. মো. মাহামুদুল হাসান বলেন, জলাতঙ্কের ঝুঁকি বিবেচনায় আহত সবাইকে দ্রুত প্রতিষেধক টিকা (ভ্যাকসিন) গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

/এসএন