• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম


কুমিল্লার রেস্টুরেন্টে নাশতা শেষে শিশুকে রেখেই চলে গেল কাশ্মিরি পরিবার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুন ২০২৬ ৬:১৪ পিএম

কুমিল্লার একটি রেস্টুরেন্টে নাশতা করতে এসে দেড় থেকে দুই বছর বয়সী এক কন্যাশিশুকে ভুলবশত রেখে চলে গেছে একটি বিদেশি পরিবার। পরিবারটি ভারতের কাশ্মির থেকে এসেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (২৭ জুন) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে দুপুরে সমাজসেবা অফিসের মাধ্যমে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতের কাশ্মির থেকে আসা পরিবারটি সকালে রেস্টুরেন্টে নাশতা করে চলে যায়। পরে জানা যায়, তারা ভুলবশত তাদের শিশুকন্যাকে রেস্টুরেন্টেই রেখে গেছেন।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন জানান, শনিবার সকালে ভারতের কাশ্মিরি একটি পরিবার দুটি গাড়িতে করে প্রায় ১৫ জন সদস্য নিয়ে রেস্টুরেন্টে নাশতা করতে আসে। খাবার শেষে তারা চলে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে রেখে যান। তিনি বলেন, শিশুটি কথা বলতে পারে না এবং তার বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর। বিষয়টি বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।

কুমিল্লা দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে পরিবারটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বর্তমানে কুমিল্লার পথে রয়েছেন। পরিবারটি এসে পৌঁছালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন বলেন, পরিবারটিকে বিষয়টি জানানো হয়েছে। তারা কোথা থেকে এসেছেন বা কোথায় যাচ্ছিলেন—এসব বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে তারা কাশ্মিরি বলে জানা গেছে। পরিবারটি এসে পৌঁছালে বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

/এসএন