রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুরির একটি ব্যতিক্রমী ঘটনার কথা তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যাওয়ার ঘটনা তিনি প্রকাশ করেছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে তিনি আগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে ক্যামেরা স্থাপনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সেটি চুরি হয়ে যায়।
আলোচনা সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি মোহাম্মদপুরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করে থাকলে হবে না, সাধারণ জনগণকেও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে হবে।
মোহাম্মদপুরে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চুরি-ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ববি হাজ্জাজ জানান, সম্প্রতি তার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন।
এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে।
এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন ববি হাজ্জাজ। তবে তিনি মনে করেন, স্থায়ীভাবে পরিস্থিতির উন্নতি ঘটাতে হলে নিরাপত্তা ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন।
অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
/এসএন