• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম


সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পাবলিক পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ জুন ২০২৬ ৬:৫৭ পিএম

দেশের সব শিক্ষা বোর্ডে এখন থেকে পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডের শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রে অংশ নেবে। এর মাধ্যমে পরীক্ষাব্যবস্থায় আরও সমন্বয় আনা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি তাদের জন্য নৈতিক শিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ নিয়ে সম্প্রতি আলোচিত একটি বিষয়েও মন্তব্য করেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে প্রচারিত তথ্যের সঙ্গে মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী।

/এসএন