• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম


জুলাইয়ের মধ্যেই সাড়ে ৪ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ১০:১২ পিএম

দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থীর মধ্যে আগামী জুলাই মাসের মধ্যেই স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট বিশ্বেশ্বর পোদ্দার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও মানসম্মত, আকর্ষণীয় ও আনন্দময় করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। একই সঙ্গে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ সম্প্রসারণ, খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষা শুধু বই পড়ে জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষাকে হতে হবে আনন্দময়, দক্ষতাভিত্তিক এবং বাস্তবমুখী। এ লক্ষ্যকে সামনে রেখে পাঠ্যপুস্তক পরিমার্জন ও সংশোধনের কাজ চলমান রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া শত বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের জন্য একটি নীতিমালা প্রণয়নের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এএসএফ