জাতীয় সংসদে হিজাব ও নিকাব পরিহিত নারীদের নিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাধারণ আলেম সমাজ।
রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সংসদে উচ্চারিত বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং নাগরিক অধিকারের বিষয়ে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। সেই বিবেচনায় হিজাব ও নিকাব পরিহিত নারীদের নিয়ে কৌতুক, বিদ্রুপ কিংবা সন্দেহ প্রকাশ অনভিপ্রেত ও আপত্তিকর।
সাধারণ আলেম সমাজের দাবি, সংসদে দেওয়া বক্তব্যে হিজাবধারী নারীদের পরিচয় ও উপস্থিতিকে সন্দেহের দৃষ্টিতে উপস্থাপন করা হয়েছে। অথচ জাতীয় সংসদে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, পরিচয় যাচাই এবং আনুষ্ঠানিক প্রটোকল কার্যকর রয়েছে। তাই বোরকার আড়ালে অন্য কেউ থাকতে পারে—এ ধরনের ইঙ্গিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি পর্দানশীন নারীদের প্রতি অযৌক্তিক সন্দেহ ও সামাজিক অপমানের পরিবেশ সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, হিজাব বা নিকাব পরিধান কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয়। বহু নারীর কাছে এটি ধর্মীয় বিশ্বাস, সাংবিধানিক অধিকার এবং নাগরিক মর্যাদার অংশ। ফলে এ ধরনের পোশাক নিয়ে হাস্যরস, বিদ্রুপ বা সন্দেহ প্রকাশ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।
সংগঠনটির মতে, রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলো নাগরিকদের ধর্মীয় পরিচয় এবং পোশাক নির্বাচনের স্বাধীনতাকে যথাযথ সম্মান ও সুরক্ষা দেওয়া।
এদিকে সংসদে বিষয়টি উত্থাপনের সময় স্পিকারের তাৎক্ষণিক আপত্তিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে সাধারণ আলেম সমাজ। তাদের মতে, স্পিকারের অবস্থান সংসদীয় মূল্যবোধ এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধার একটি দৃষ্টান্ত।
তবে সংগঠনটি সংশ্লিষ্ট মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রকাশ্যে দুঃখপ্রকাশ এবং পর্দানশীন নারীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনেরও দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক মর্যাদা এবং মানবিক সম্মানের প্রশ্নে কোনো ধরনের আপস করা যায় না। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে, যেখানে কোনো নারী তার ধর্মীয় পরিচয় বা পোশাকের কারণে অপমানিত কিংবা সন্দেহের মুখোমুখি হবেন না।
/এসএন