• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম


আজান দিতে দিতেই মৃত্যু, কেরালার মসজিদে হৃদয়বিদারক ঘটনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ১০:৪৫ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি মসজিদে আজান দেওয়ার সময় হৃদয়বিদারক এক ঘটনার জন্ম হয়েছে। আজানের ধ্বনি উচ্চারণ করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন এক মুয়াজ্জিন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম আব্দুল লতিফ। গত মঙ্গলবার নিয়মিত দায়িত্ব পালনের সময় তিনি মসজিদে আজান দিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজানের একপর্যায়ে শাহাদাতের বাণী উচ্চারণের সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তার কাছে ছুটে আসেন এবং প্রাথমিক সহায়তার চেষ্টা করেন।

পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়, আব্দুল লতিফ স্বাভাবিকভাবেই আজান শুরু করেছিলেন। কিছুক্ষণ পর আচমকা তিনি মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। ঘটনাটি উপস্থিত মুসল্লিদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মাঝেও গভীর শোকের সৃষ্টি করেছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, মানুষের নামাজের আহ্বান জানাতে গিয়ে এমন মুহূর্তে মৃত্যুবরণ করা এক বিরল ও স্মরণীয় বিদায়।

মরহুম আব্দুল লতিফের রুহের মাগফিরাত কামনা করে অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও সমবেদনা জানিয়েছেন।

/এএসএফ