• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম


এডিবির ১০০ কোটি ডলারের ঋণে শক্তিশালী হলো বাংলাদেশের রিজার্ভ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুন ২০২৬ ৮:৪৩ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দেওয়া বাজেট সহায়তার ঋণের অর্থ বাংলাদেশের হিসাবে যুক্ত হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৫০০ কোটি ডলার অতিক্রম করেছে। রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এডিবি বাংলাদেশের জন্য ১০০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বাজেট সহায়তা ছাড় করেছে। এই অর্থ যুক্ত হওয়ার আগে গত ১০ জুন দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৪৭৩ কোটি ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ৭ কোটি ডলার।

রোববার এডিবির ঋণের অর্থ পাওয়ার পর দেশের মোট রিজার্ভ এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ কোটি ডলারে। অন্যদিকে আইএমএফের বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে ৩ হাজার ১০৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শুরুতে রিজার্ভের ওপর যে চাপ তৈরি হয়েছিল, এডিবির বড় অঙ্কের বাজেট সহায়তা পাওয়ার পর তা অনেকটাই কমেছে। একই সঙ্গে অর্থবছরের শেষ মাসে সরকারের যে অর্থসংকট রয়েছে, তা মোকাবিলায়ও এই অর্থ সহায়ক ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, আগামী সময়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকেও আরও কিছু ঋণ ছাড়ের সম্ভাবনা রয়েছে। সেসব অর্থ দেশে এলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।