• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম


একসঙ্গে ১৩৯ আসামিকে ক্ষমা, ইরানের ইতিহাসে নজির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ১১:৪৪ পিএম

ইরানের বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ জন বন্দির সাজা হ্রাস ও মওকুফের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দেশটির ইতিহাসে এই প্রথম একসঙ্গে এত বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসির সাজা মওকুফ করা হলো।

আসগর জাহাঙ্গীর বলেন, সংশ্লিষ্ট বন্দিদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগকারী বা বাদী ছিল না। এছাড়া অতীতে দেশের নিরাপত্তা বিঘ্নিত করার মতো অপরাধে তাদের সম্পৃক্ততার ইতিহাসও পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কারাগারে অবস্থানকালে বন্দিদের ভালো আচরণ, নিজেদের অপরাধের জন্য গভীর অনুশোচনা প্রকাশ এবং সংশোধনের পথে অগ্রসর হওয়ার কারণে তাদের সাধারণ ক্ষমার যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

ইরানের সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে দেশটির সর্বোচ্চ নেতা যেকোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দণ্ড সম্পূর্ণ মওকুফ বা হ্রাস করার বিশেষ ক্ষমতা রাখেন।

তবে দেশটির আইন অনুযায়ী এই ধরনের সাধারণ ক্ষমা সব ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম, সংঘবদ্ধ বা সশস্ত্র মাদক চোরাচালান, সশস্ত্র ডাকাতি, অস্ত্র পাচার, অপহরণ, ঘুষ এবং আত্মসাতের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা এই ক্ষমার আওতায় আসেন না।