• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম


১১.৮২ কোটি রুপির মাদকসহ আটক সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ১:১৫ এএম

মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ তল্লাশি চালিয়ে আনুমানিক ১১.৮২ কোটি রুপি মূল্যের ১১ কেজির বেশি হাইড্রোপনিক মারিজুয়ানা (উন্নত প্রযুক্তিতে চাষ করা গাঁজা) উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হর্ষ সানি নামে ২৮ বছর বয়সী এক মডেল ও সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শুল্ক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ১০ ও ১১ জুন রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার ‘টিজি-৩৫১’ ফ্লাইটে মুম্বাই পৌঁছান হর্ষ সানি। বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট এবং কেরালা শুল্ক বিভাগের কর্মকর্তারা নিয়মিত নজরদারির সময় তার আচরণে সন্দেহ প্রকাশ করেন। এরপর তাকে আটক করে বিস্তারিত জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে সবুজ রঙের পদার্থসমৃদ্ধ ১২টি ভ্যাকুয়াম-সিলড প্যাকেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই এনডিপিএস কিট ব্যবহার করে রাসায়নিক পরীক্ষা চালানো হলে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া পদার্থগুলো উচ্চমানের হাইড্রোপনিক মারিজুয়ানা।

মাদক জব্দের পর হর্ষ সানিকে এনডিপিএস আইনের আওতায় গ্রেফতার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১.৮২ কোটি রুপি।

হর্ষ সানি এর আগে ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। গ্রেফতারের পর তাকে মুম্বাইয়ের ফোর্ট এলাকার একটি আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

মাদকের এই চালান কোথায় নেওয়া হচ্ছিল এবং এর পেছনে মুম্বাই বা দেশের অন্য কোনো বড় মাদক পাচারকারী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সাম্প্রতিক সময়ে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।